আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ উপজেলা সদর বাজারে স্থানীয় আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের সূত্রে জানা যায় , আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর তারা একে অপরের বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিওকে কেন্দ্র করে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের কথা-কাটাকাটি ও বিরোধ হয়। এ ঘটনার পর থেকে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই মধ্যে বিরোধ মীমাংসার জন্য শনিবার আশুগঞ্জ বাজারে সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি মীমাংসা হলেও পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের সব দোকানপাট।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বললেন, টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তারা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



