ময়মনসিংহ

নান্দাইলে বসতঘরে হামলা, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচবাড়ীয়া এলাকায় লুৎফর রহমান ভূইয়া সুমনের বসতঘরে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা বাজারে ভুক্তাভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. সেতারা আক্তার নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারীর দাবি, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক রাত ৩ টার দিকে অজ্ঞাতনামা ১৪–১৫ জন ব্যক্তি তাঁর বসতঘরের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করেন। মুখোশধারী দলটি ব্যক্তি ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় ঘরের আসবাবপত্র ও দরজা ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁর স্বামী লুৎফর রহমান ভূঁইয়া সুমনকে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও অন্যান্য স্বর্ণালংকার এবং ঘরে সংরক্ষিত নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা এবং নগদ অর্থের পরিমাণ ১ লাখ ৫৫ হাজার টাকা বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় তাঁর স্বামীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, স্বামীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা সহ এলাকার স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।

এই বিভাগের আরও সংবাদ