বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন


বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ‘অত্র এলাকার সচেতন নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় নাগরিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কারণে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, মাদ্রাসাটির ঐতিহ্য ও সুনাম রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অধ্যক্ষের অপসারণ ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।



