খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদা দাবির অভিযোগ: চট্টগ্রামে গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে চট্টগ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন হাসিবুর রহমান ফরাজী হাসিব খান (২৩)। গত ১ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়।
কেএমপি গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে চাঁদা দাবি এবং আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো। ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করা এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
উদ্ধার করা মোবাইল ফোন ও সিম কার্ডের কললিস্টসহ বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
কেএমপি জানিয়েছে, ‘বি কোম্পানি’র নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হুমকির সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ হাসিবুর রহমান হাসিবের বিরুদ্ধে কেএমপির লবণচরা, সোনাডাঙ্গা ও খুলনা সদর থানায় অস্ত্র আইন, হত্যা, চুরি, মারামারি, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন ধারায় মোট ছয়টি মামলা রয়েছে।



