ফটিকছড়িতে নবনির্মিত ‘রহমতপুর বিওপি’ উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে নবনির্মিত বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রহমতপুর বিওপিটি উদ্বোধন করেন তিনি।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নবনির্মিত এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক কার্যক্রম আরও ত্বরান্বিত করতেও এটি সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে সদস্যরা আরও উৎসাহ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্গম সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রহমতপুর বিওপি চালুর ফলে ফটিকছড়ির ওই এলাকায় চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ আরও সহজ হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদক পাচার ঠেকানো এবং সীমান্ত এলাকায় বিজিবির সার্বিক কার্যক্রম আরও জোরদার হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



