রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গুলিবর্ষণ, মা গুলিবিদ্ধ ও ছেলের মৃত্যু


উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে ছেলে মারা গেছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক পড়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গোলাগুলির ঘটনায় এক শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে ক্যাম্প-৮ ইস্টের বি/৪০ ও বি/৪১ ব্লক এলাকায় এ গুলিবর্ষণ শুরু হয় বলে স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে জানা গেছে। তাদের দাবি, এআরএ ও আরসার সদস্যরা একত্রিত হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছে।
আশপাশের বাসিন্দাদের তথ্যমতে, এ পর্যন্ত আনুমানিক ১২০ রাউন্ডের বেশি গুলির শব্দ শোনা গেছে। স্থানীয়দের ধারণা, গুলির সংখ্যা ১২০ থেকে ২০০ রাউন্ডের মধ্যে হতে পারে। তবে প্রকৃত সংখ্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
গুলিবর্ষণের ঘটনায় ক্যাম্প-৮ ইস্টের বি/৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের পুত্র ইউসুফ এবং তার মা তাহেরা বেগম গুলিবিদ্ধ হন। গুরুতর আহত ইউসুফকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ব্যাপক গুলিবর্ষণের ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার কারণে অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। এতে ক্যাম্পের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গুলিবর্ষণের প্রকৃত কারণ, হতাহতের সংখ্যা এবং ঘটনায় কারা জড়িত—তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।



