ভোলায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়, ৩৫ হাজারে বিক্রি


ভোলা প্রতিনিধি : মেঘনা নদীতে একের পর এক খালি জাল তুলে যখন হতাশায় দিন কাটছিল জেলেদের, ঠিক তখনই ভাগ্য ফিরল ভোলা সদরের তছির মাঝির। গতকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) মেঘনা নদীতে তাঁর জালে ধরা পড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ।
পরে মাছটি বিক্রির জন্য ভোলা সদরের নামকরা ইলিশাঘাটের ‘সাজি মৎস্য আড়তে’ নিয়ে আসা হয়। সেখানে ডাকের (নিলামের) মাধ্যমে মাছটি এক নজর দেখতে আড়ত প্রাঙ্গণে ভিড় জমায় বিপুল সংখ্যক উৎসুক জনতা। শেষ পর্যন্ত স্থানীয় এক মাছ ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় বিশালাকৃতির এই মাছটি কিনে নেন।
ইলিশাঘাটের মৎস্য ব্যবসায়ী আরিফ সাজী জানান, চলতি মৌসুমে মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না বললেই চলে। একের পর এক ট্রলার ও নৌকা খালি হাতে ঘাটে ফিরছিল। দীর্ঘদিন পর নদীতে এমন বিশাল আকৃতির দামি মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ঘাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাছটি বিক্রি শেষে জেলে তছির মাঝি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “নদীতে বেশ কিছুদিন ধইরা ইলিশের দেখা নাই, ঋণের চিন্তায় রাতে ঘুম হইতো না। খোদার দরবারে অশেষ শুকরিয়া, এই একটা মাছ পাইয়া পিছনের সব কষ্ট কিছুটা হলেও দূর হইছে।”
জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হুসাইন জানান, জোয়ার-ভাটার তারতম্য ও নদী-সাগরের পানির প্রবাহের কারণে মাঝে মাঝে এমন বড় আকৃতির বাঘাইড় মাছ নদীতে চলে আসে। বড় সাইজের সুস্বাদু মিষ্টি পানির এসব মাছের চাহিদা ও বাজারমূল্য সাধারণ মাছের চেয়ে অনেক বেশি হয়ে থাকে।



