আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধে বাশার আল আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির একটি আদালত। এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের সময় সংঘটিত নানা নৃশংসতার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হলো।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী বাহিনীর হাত থেকে বাঁচতে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কোয় পালিয়ে যান বাশার আল-আসাদ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের অধীনে তার বিরুদ্ধে দেওয়া এটিই প্রথম কোনো আদালতের রায়।

রায়ে আসাদ সরকারের প্রভাবশালী কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে সিরিয়ার বিদ্রোহের সূতিকাগার দারা প্রদেশে রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট আসাদের চাচাতো ভাই নাজিবকে গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁকে পরিকল্পিত হত্যা, ১৫ বছরের কম বয়সী শিশুদের হত্যা ও শারীরিক নির্যাতনের মাধ্যমে মৃত্যু ঘটানোর অপরাধে দোষী সাব্যস্ত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ