চাঁদাবাজিতে অভিযোগ ছাড়াই মামলা করতে নতুন আইন হচ্ছে : আইজিপি


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ যাতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে পুলিশকে দুর্বল মনে করা হয়। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও জনবান্ধব করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এর আওতায় কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে। এতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইনি উদ্যোগের বিষয়ে তিনি বলেন, নতুন আইন কার্যকর হলে ভুক্তভোগীর অভিযোগের অপেক্ষা না করেই পুলিশ চাঁদাবাজির ঘটনায় মামলা করার সুযোগ পাবে। এতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিধি বাড়বে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি।



