সৌদি বিনিয়োগ ও দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ, বৈঠকে গুরুত্ব পেল দ্বিপক্ষীয় সম্পর্ক


বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়েও আগ্রহ দেখিয়েছে দেশটি।
ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করতেই এ সফর। বাংলাদেশের বর্তমান সরকারের ওপর সৌদি সরকারের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বৈঠক অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সৌদির দক্ষতা কাজে লাগিয়ে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।
শামা ওবায়েদ জানান, বিনিয়োগ নিয়ে সৌদি আরবে একটি যৌথ বৈঠক আয়োজনের আশা করা হচ্ছে। সেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। পাশাপাশি চলতি বছরেই বাংলাদেশে রাজনৈতিক পরামর্শ বৈঠক ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে সৌদি পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে সৌদির আগ্রহের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।
তিনি আরও বলেন, সৌদি ক্রাউন প্রিন্স এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে তিনি বলেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এ সফর অনুষ্ঠিত হবে।
সৌদি আরবে থাকা রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয় বৈঠকে আলোচিত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, পাসপোর্ট সংক্রান্ত সমস্যা অনেক দেশের ক্ষেত্রেই রয়েছে। এ বিষয়ে জেদ্দা ও রিয়াদে বাংলাদেশের মিশনগুলো সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।
তিনি বলেন, সৌদি পক্ষ জানিয়েছে, তারা শুধু একটি খাতে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। বৈঠকে বিষয়টিই প্রাধান্য পেয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেও সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে।



