দৌলতপুরের পাবলায় গভীর নলকূপ উদ্বোধন ; নিরাপদ সুপেয় পানি নিশ্চিতে পুনাকের মানবিক উদ্যোগ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ এলাকার দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে একটি গভীর নলকূপ স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় পাবলা সবুজ সংঘ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপটির উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী।

অনুষ্ঠানে পুনাকের সভানেত্রী ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন পাবলা সবুজ সংঘের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। উদ্বোধনের আগে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে গভীর নলকূপের উদ্বোধনের পাশাপাশি মাঠ প্রাঙ্গণে একটি ক্রিসমাস ট্রির চারা রোপণ করেন প্রধান অতিথি।

মতবিনিময় সভায় প্রফেসর নাসিমা ফেরদৌসী বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সেলাই, কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

তিনি বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও পুনাকের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘব এবং নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতেই এই গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, পুনাকের সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে পুনাক। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সকল সহযোগীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ, তানভীন সুমি, নাজমুন নাহার, খন্দকার আইরিন পারভীন ও শারমীন সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাবিয়া সুলতানা, কোষাধ্যক্ষ নাসরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদিকা আসমা খানম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদিকা উম্মে হাসনাত শাহনাজ, যোগাযোগ সম্পাদিকা হেলেন মোশাররফ, উৎপাদন সম্পাদিকা ফারজানা জামান, আইন সম্পাদিকা নাজমুন নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা লিমা আক্তার, দপ্তর সম্পাদিকা ফেরদৌসী খানম (জুঁই) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



