৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা


আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশে ছানিজনিত অন্ধত্ব (ক্যাটারাক্ট ব্লাইন্ডনেস) সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সরকারি, বেসরকারি ও এনজিও- এই তিন খাতের সমন্বিত উদ্যোগে একটি জাতীয় রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উন্নত চক্ষু চিকিৎসাসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের কাছে নাগরিক অধিকার হিসেবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত “বাংলাদেশে উন্নত চক্ষুসেবা: দৃষ্টিপ্রতিবন্ধকতা হ্রাস এবং অন্ধত্ব প্রতিরোধে কর্মপরিকল্পনা” শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, “বাংলাদেশে সরকারি খাত, বেসরকারি উদ্যোগ এবং এনজিও—এই তিন ক্ষেত্রেই চোখে পড়ার মতো ও প্রশংসনীয় কাজ হচ্ছে। তবে আমাদের একটি সমন্বিত ও অভিন্ন রিপোর্টিং ব্যবস্থা নেই। এ কারণে আমরা একটি জাতীয় উদ্যোগ গ্রহণ করছি। চক্ষুসেবা খাতে পরিবর্তন এক দিনে সম্ভব নয়, তাই পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি জানান, কর্মপরিকল্পনার প্রথম ধাপে জেলা হাসপাতালগুলোর বিদ্যমান চক্ষুসেবা সুবিধা ও পরিকল্পনা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নতুন জনবল নিয়োগ এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সব বয়সী মানুষের কাছে চক্ষুসেবা পৌঁছে দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। স্কুলপড়ুয়া শিশুদের চোখের সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চশমা সরবরাহের জন্য সমন্বিত ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, কলকারখানা, অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষের চোখের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী চশমা সরবরাহের ব্যবস্থা করা হবে। গবেষণায় দেখা গেছে, কর্মীদের দৃষ্টিস্বাস্থ্য ভালো থাকলে তাদের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
ডা. মুহিত বলেন, বয়স্ক মানুষের ছানি অপসারণে ব্যাপকভিত্তিক ক্যাটারাক্ট সার্জারি কার্যক্রম গ্রহণ করা হবে। প্রতি বছর কয়েক লাখ সফল অস্ত্রোপচারের মাধ্যমে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশকে ছানিজনিত অন্ধত্বমুক্ত করা সম্ভব।
তিনি বলেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো উদীয়মান চক্ষু সমস্যার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যাপক সুযোগ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা গেলে মাঠপর্যায়ে দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।
“হাইটেক আই কেয়ার শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে হবে,” বলেন তিনি।
চক্ষুসেবা খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে দক্ষ জনবলের ঘাটতির কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকারি-বেসরকারি সব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা ও মান বাড়িয়ে চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. এ এস এম এ এম এবং ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (অফথালমোলজি) ডা. সৈয়দ মেহবুব উল কাদির।
কর্মশালায় এআরকে ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে দেশের প্রবীণ চক্ষু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জেলা ও পেরিফেরি পর্যায়ে কর্মরত চিকিৎসক, বিএনএসবি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।





