জাতীয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে। আগামী ২৮ জুলাই এর মধ্যে এগুলো তৈরি করে hpmgoldcup@gmail.com মেইলে প্রেরণ করতে বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে প্রেরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠাতে হবে। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে। স্লোগানও ই-মেইলে পাঠাতে হবে।

এতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতোমধ্যে যারা লোগো, রিলস ও থিম সং প্রেরণ করেছেন তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

এই বিভাগের আরও সংবাদ