নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


২০ দিনের সফরে দেশের বাহিরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর দিয়ে তার যাত্রা শুরু করবেন। নিউইয়র্ক সফর শেষে তিনি যাবেন ফিলিপাইনে। সেখান থেকে মালদ্বীপ সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এরপর তিনি যাবেন মালদ্বীপ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ থেকে ২৯ জুলাই বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন। সেখানে গিয়ে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জানা গেছে, ২০ দিনের সফরের বেশিরভাগ সময় নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। আগামী ৩০ জুলাই মালে থেকে দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।



