ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি: মেয়র শাহাদাত


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় সেচ্ছাসেবী সংগঠন সুরক্ষা কতৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। চসিক পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা, ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে চট্টগ্রামে প্রায় ৯ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ৭৮ জনের মৃত্যু ঘটে। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৮ জনে এবং মৃত্যু হয় ১৬ জনের। ২০২৫ সালে আক্রান্ত হয় ২ হাজার ৬২২ জন এবং মৃত্যু হয় ৮ জনের। চলতি বছরের প্রথম ছয় মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র ১০৭ জনে; এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মেয়র বলেন, “উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির কারণে আমরা এই ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। বাসাবাড়ি, ছাদ, নির্মাণাধীন ভবন, টব, টায়ার ও যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
মেয়র আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে নাগরিক সচেতনতা ও অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।”
পরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



