গোবিন্দগঞ্জে হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেফতার ৩, যুবক উদ্ধার


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের জিম্মিদশা থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবককে কৌশলে একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের ঘরের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, রমীম আক্তার রিপা মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে বাড়িতে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর তাকে শয়নকক্ষে নিয়ে গোপনে ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এতে তিনি বাধা দিলে মোস্তফা ও শহিদুল ঘরে ঢুকে তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি উদ্ধার হন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা উপজেলার বিভিন্ন স্থানে ভাড়া বাসা নিয়ে হানিট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে নির্যাতন ও অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



