পটুয়াখালী

রাঙ্গাবালী সাগর মোহনায় অভিযানে ৫ ট্রলার মালিককে জরিমানা

এম এ ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাগর মোহনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৫টি ট্রলার মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়।

জানা যায়, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ থাকায় শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালীর জনাব বিজন কুমার নন্দীর নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, রাঙ্গাবালী সাগর মোহনায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে এবং সামুদ্রিক নৌযানের প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় ৫টি ট্রলার মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৬০ কেজি পোয়া মাছ, ঢেলা মাছ, চৌক্কা মাছ ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

পরে জব্দকৃত মাছগুলো গহিনখালী লঞ্চঘাটে এনে বিভিন্ন এতিমখানার মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। এদিকে অভিযান চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী চরমোন্তাজ এলাকার ৪টি বরফকল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা মেনে বরফকলগুলোতে বরফ উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরকে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ