সমাজ পুর্নগঠনে সাংবাদিকদের সহযোগীতা চাইলেন সমাজকল্যানমন্ত্রী ডা.এজেড এম জাহিদ হোসেন


হিলি প্রতিনিধি : সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেছেন, এই সমাজ পুনর্গঠনে আপনারা আপনাদের লেখনী,ছবি ও আপনাদের নিউজ এর মাধ্যমে জনমত তৈরিতে আমাদেরকে সাহায্য করবেন,সরকারকে সাহায্য করবেন। আপনাদের এই সহযোগিতার মাধ্যমে সর্বোপরি দেশ উপকৃত হবে।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের হলরুমে জনসাধারন,জনপ্রতিনিধি,রাজনৈতিকনেতাকর্মী,সরকারিবেসরকারি কর্মকর্তা,কর্মচারী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় কালে এই কথা বলেন।
এসময় তিনি বলেন,আমরা নির্বাচনের পূর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম,যদি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের প্রয়োজনে সব সময় আমাদেরকে ও আমাদের নেতাকর্মীদেরকে পাশে পাবেন। আমরা সেই কথাটি রাখার চেষ্টা করছি। দোয়া করবেন যাতে আমরা যে প্রতিজ্ঞা নির্বাচনের পূর্বে করেছিলাম,সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারি। আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আল্লাহতালা যেন তাকে ও বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী সেই জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) তানজিনা খাতুন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার হারেছ উদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।



