সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর শাহী ঈদগাহ ময়দানে


সিনিয়র রিপোর্টার : পূণ্যভূমি সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এছাড়াও সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় এই জামাত শুরু হয়।
শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
এদিকে বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শাহী ঈদগাহ ছাড়াও নগর ও জেলার বিভিন্ন মসজিদ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হয় সকাল ৮টায়, ইমামতি করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়, ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী, এমপি, মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ সময় সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করেন।



