৪ বছরের যত্নেও মিলল না ন্যায্য দাম, ঢাকার হাট থেকে ফিরল ‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’


সাইমুন ইসলাম সাইফুল্লাহ :- চার বছর ধরে সন্তানের মতো লালন-পালন করা হয়েছিল দুটি বিশালাকৃতির ষাঁড়—‘ভয়ংকর’ ও ‘বাদশা বাবু’। ঈদুল আজহাকে ঘিরে ছিল বড় স্বপ্ন, ভালো দামে বিক্রি করে ঘুরে দাঁড়ানোর আশা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভেঙে গেছে ঢাকার পশুর হাটেই। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ মনেই গরু দুটি আবার ফিরিয়ে আনতে হয়েছে খামারে।
পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের শিববাড়িয়া গ্রামের গাববাড়িয়া স্লুইসগেটসংলগ্ন এলাকায় অবস্থিত খামারটিতে এখন উৎসবের আমেজের বদলে বইছে হতাশার বাতাস।
খামার সূত্রে জানা গেছে, ফ্রিজিয়ান জাতের প্রায় ১৮ মণ ওজনের ‘ভয়ংকর’-এর দাম চাওয়া হয়েছিল ৯ লাখ টাকা। অপরদিকে শাহিওয়াল জাতের প্রায় ১৭ মণ ওজনের ‘বাদশা বাবু’-এর মূল্য ধরা হয়েছিল ৭ লাখ টাকা। দুইটি মিলিয়ে মোট ১৬ লাখ টাকা আশা করলেও সেই দামে কোনো ক্রেতা মেলেনি।
খামারি ইব্রাহিম হাওলাদার জানান, চার বছরে গরু দুটি লালন-পালনে প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। খাবার, চিকিৎসা, পরিচর্যা—সবকিছুতেই ছিল বাড়তি যত্ন। ভালো দামের আশায় ধার-দেনা করে ট্রাকে করে ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হয়েছে।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“গরু দুটিকে আমরা পরিবারের সদস্যের মতো বড় করেছি। কখনো কোনো ক্ষতিকর খাবার দেইনি। ভুট্টার সাইলেস, কাঁচা ঘাস, খড় ও ভুষি খাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন করেছি। কিন্তু বাজারে যে দাম বলা হয়েছে, তাতে মূলধনই উঠত না। তাই লোকসান দিয়ে বিক্রি না করে ফিরিয়ে এনেছি।”
খামারের কর্মচারী সোলায়মান খান বলেন,
“দিন-রাত পরিশ্রম করেছি গরু দুটির পেছনে। নিয়মিত গোসল, পরিচর্যা, খাবার—সবকিছুতেই ছিল আলাদা নজর। এখন মনে হচ্ছে এত দিনের কষ্ট যেন মূল্যহীন হয়ে গেল।”
ঢাকার হাট থেকে গরু দুটি ফেরত এসেছে—এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সকাল থেকে খামারে ভিড় করছেন স্থানীয় মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ আবার বিশালাকৃতির ষাঁড় দুটি দেখতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা আবু তাহের মুন্সি ও রিয়াজ ইসলাম বলেন,
“গরু দুটি শুধু খামারির নয়, পুরো এলাকার গর্ব। ইব্রাহিম অনেক কষ্ট করেছেন। কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পাওয়া সত্যিই দুঃখজনক।”
গরু দুটির তদারকিতে থাকা পশু চিকিৎসক আহসান হাবিব জানান,
“ষাঁড় দুটি সম্পূর্ণ সুস্থ এবং প্রাকৃতিক উপায়ে লালিত। তবে এ বছর বড় গরুর বাজার কিছুটা মন্দা থাকায় কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যায়নি।”
দেশজুড়ে যখন কুরবানির ঈদের আনন্দ, তখন মহিপুরের এই প্রান্তিক খামারির চোখে এখন ভবিষ্যতের শঙ্কা। ধার-দেনার চাপ আর বিশালাকৃতির দুই ষাঁড়ের খাবার-পরিচর্যার ব্যয়ই এখন তার সবচেয়ে বড় দুশ্চিন্তা।



