ঢাকা

পল্লবীতে রামিসা হত্যাকাণ্ড নিয়ে ‘নোংরা রাজনীতি’ না করার আহ্বান আমিনুল হকের

রাজধানীর পল্লবীতে নিহত দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারের হত্যাকাণ্ডকে ঘিরে কোনো ধরনের ‘নোংরা রাজনীতি’ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, একটি রাজনৈতিক দল এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে রাজধানীর পল্লবীর একটি স্থানীয় মসজিদে আসরের নামাজের পর রামিসা আক্তারের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, “আমরা সবাই একমত—এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে এবং ইনশাল্লাহ অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু একটি সংগঠন বা দল এই ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনীতিতে নেমেছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা এই ধরনের মব সৃষ্টিকারী রাজনীতি কখনোই সমর্থন করি না।”

দোয়া মাহফিল শেষে প্রতিমন্ত্রী রামিসার বাসভবনে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম গাজীসহ স্থানীয় নেতারা।

এই বিভাগের আরও সংবাদ