আন্তর্জাতিক

একসময়ের কোরবানিদাতারা এখন ত্রাণের অপেক্ষায় : গাজা

আর মাত্র কিছুদিন পরেই মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। কিন্তু যুদ্ধের ভয়াবহতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবার ঈদের চিরচেনা সেই আনন্দ আর আমেজ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। একসময় যেসব পরিবার নিয়মিত কোরবানি দিত, প্রতিবেশীদের মাঝে মাংস বিতরণ করত, আজ তারা এক টুকরো ত্রাণের মাংসের আশায় প্রহর গুনছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা অবিরাম যুদ্ধ, দফায় দফায় বাস্তুচ্যুতি এবং চরম অর্থনৈতিক ধসের কারণে অবরুদ্ধ এই উপত্যকায় এবারের ঈদ এসেছে এক ভিন্ন ও নির্মম বাস্তবতা নিয়ে।

গাজার স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানিয়েছেন, যুদ্ধ তাদের জীবন থেকে ঈদের সব অর্থ কেড়ে নিয়েছে। অতীতে চরম অর্থনৈতিক সংকট কিংবা যুদ্ধের মধ্যেও গাজাবাসী যেভাবে কোরবানির ঐতিহ্য ধরে রেখেছিল, এবার তা পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। বাবা-মায়েরা এখন আর সন্তানদের জন্য ঈদের নতুন পোশাক কিংবা কোরবানির পশু কেনার কথা ভাবছেন না বরং তাদের একমাত্র চিন্তা কীভাবে সন্তানদের জন্য দুবেলা দুমুঠো খাবার ও পানি জোগাড় করবেন। ছোট ছোট শিশুরা ঈদের আনন্দের বদলে এখন কেবলই জিজ্ঞেস করছে, এবার তারা কোনো ত্রাণের মাংস খেতে পারবে কিনা।

দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অবরোধ, গাজার খামারগুলোর ধ্বংসযজ্ঞ এবং পশুখাদ্য ও ওষুধের তীব্র সংকটের কারণে গাজার গবাদিপশু খাত সম্পূর্ণ ভেঙে পড়েছে। যুদ্ধপূর্ব সময়ে যেখানে ঈদের আগে হাজার হাজার গবাদিপশু গাজায় প্রবেশ করত, সেখানে এখন গুটিকয়েক পশুর দেখা মিলছে। বাজারে যে সামান্য কিছু ভেড়া বা ছাগল রয়েছে, সেগুলোর দাম সাধারণ মানুষের কল্পনারও বাইরে চলে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, চরম সংকটের কারণে বাজারে একেকটি ভেড়ার দাম চার হাজার মার্কিন ডলারেরও ওপরে ঠেকেছে, যা অতীতে চারশত ডলারের নিচে ছিল। এই আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষ তো বটেই, একসময়ের সচ্ছল পরিবারগুলোর পক্ষেও পশু কেনা এখন সম্পূর্ণ অসম্ভব।

গাজার খান ইউনিস ও দেইর আল-বালাহসহ বিভিন্ন এলাকার অস্থায়ী বাজারগুলো এখন ক্রেতাশূন্য। উৎসবের চিরচেনা কোলাহল আর তাকবীরের ধ্বনির জায়গায় এখন কেবলই মানুষের দীর্ঘশ্বাস, উদ্বেগ ও ক্লান্তির ছাপ। অনেক সন্তান তাদের প্রয়াত বাবা-মার দেওয়া কোরবানি ধরে রাখার শেষ ইচ্ছা পূরণের জন্য মাসের পর মাস টাকা জমিয়েও ব্যর্থ হয়েছেন। বেঁচে থাকার লড়াইয়ে এখন মানুষের সব অগ্রাধিকার বদলে গেছে। ঘরবাড়ি হারিয়ে তাঁবুতে দিন কাটানো লাখো ফিলিস্তিনির কাছে ঈদ এখন কেবলই ক্যালেন্ডারের একটা তারিখ মাত্র। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো গাজার বাইরে কোরবানি দিয়ে সেই মাংস ভেতরে পাঠানোর চেষ্টা করলেও বিপুল চাহিদার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। ফলে একসময়ের উৎসবমুখর গাজায় এবার ঈদ আসছে এক বুক হাহাকার আর বেঁচে থাকার চরম আকুতি নিয়ে।

এই বিভাগের আরও সংবাদ