কমলাপুরে লোকারণ্য,সদরঘাটে স্বস্তির মধ্যেও বাড়তি ভাড়া


ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও ছিলো বিলম্ব, আর লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন কোনো কোনো যাত্রী।
সরেজমিন, কমলাপুরে সকাল থেকেই ঢাকা ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনে যাত্রীদের উপচে পড়া চাপ লক্ষ্য করা গেছে। ঘরমুখো মানুষের এই ভিড়ে অনেকেই আগাম টিকেট কেটেও শেষ মুহূর্তে ট্রেনে উঠতে পারেননি। আবার কেউ কেউ ট্রেনে উঠতে পারলেও নিজের নির্ধারিত আসনে বসার সুযোগ পাননি।
এদিকে প্রতিবারের মতো এবারও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদে উঠে পড়তে দেখা গেছে। ছাদে ওঠা ঠেকাতে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর পক্ষ থেকে নানা বিধিনিষেধ ও তৎপরতা চালানো হলেও যাত্রীদের ছাদ থেকে নামানো বা ঠেকানো যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল এখন পর্যন্ত কোনো ট্রেনে বড়ো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে অন্য দিনের মতোই বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে স্টেশন ছেড়ে গেছে।
এদিকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও সকাল থেকে বাড়িফেরা মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত তেমন বড়ো কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন।
লঞ্চের যাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই বাড়ি ফেরা। এবারের ঈদ যাত্রার পরিবেশ আগের তুলনায় অনেক ভালো ও স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন অনেকে। তবে এর মধ্যেই কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন, উৎসবের সুযোগ নিয়ে আগের তুলনায় বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
সদরঘাটে যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অসুস্থ বা বয়স্কদের জন্য হুইলচেয়ার এবং মালামাল বহনের জন্য ফ্রি কুলি ও ট্রলি সুবিধা। এছাড়া ঘাট এলাকা হকারমুক্ত রাখতে এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লঞ্চ মালিক ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল থেকে এখন পর্যন্ত সদরঘাট থেকে ২০টিরও বেশি লঞ্চ বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া যাত্রী নামার ও ওঠার ওপর নির্ভর করে ঢাকা ছাড়ার জন্য ঘাটে আরও ৭০ থেকে ৮০টিরও বেশি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে।
অপরদিকে, সড়কপথে দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকেই ঘরমুখো মানুষের চিরচেন ভিড়। কল্যাণপুর থেকে গাবতলীতেও ঘরেফেরা মানুষের চাপ।



