উত্তরা প্রেস ক্লাব নির্বাচন : প্রধান নির্বাচন কমিশনের কাছে চুড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর


ঢাকা-১৮ আসনের আটটি থানা এলাকায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন “উত্তরা প্রেসক্লাব”-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম এবং নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২২ মে, ২০২৬) রাত ১১টায় উত্তরা ৭ নম্বর সেক্টর বিএনএস সেন্টার সংলগ্ন “রেড চিকেন” রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার মো: সেলিম কবির এবং নির্বাচন কমিশনার মনির হোসেন জীবনের হাতে আনুষ্ঠানিক ভাবে চুড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন।
উত্তরা প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এবং সংসদীয় ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত আটটি থানা এলাকার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত উত্তরা প্রেসক্লাব’র চলতি বছরের নির্বাচন আগামী ২০ জুন ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । এক্ষেত্রে
নির্বাচন কমিশন বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে পূর্বের নির্ধারিত তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ভোটার তালিকা হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, উত্তরা প্রেসক্লাব সব সময় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অগ্রনী ভূমিকা পালন করে আসছে। আসন্ন নির্বাচনও একটি সুষ্ঠ, নিরপেক্ষ, অবাধ, স্বচ্ছ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সকলের অংশ গ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো: সেলিম কবির বলেন, “সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি।”
উত্তরা প্রেসক্লাব’র নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, ও নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেন নির্বাচন কমিশনার মনির হোসেন জীবন বলেন, “ চুড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে আরও একধাপ এগিয়ে গেল। এখন পর্যায়ক্রমে তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই ও অন্যান্য কার্যক্রম খুব দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।”
জাবা যায়, আজকের আনন্দমুখর অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর একটি প্রতিযোগিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে অনেক সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় উত্তরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সাংবাদিকবান্ধব নেতৃত্ব উঠে আসবে, যারা উত্তরার সাংবাদিক সমাজের উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক অগ্রগতিতে আগামী দিনে কার্যকর ভূমিকা রাখবেন। এটাই উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকের প্রত্যাশা।



