সিরাজগঞ্জ

সেবার অঙ্গীকারে ভদ্রঘাট ইউনিয়নে আলোচনায় রুহুল আমিন

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। পরিবর্তন, উন্নয়ন ও জনসেবার প্রত্যাশায় স্থানীয়দের আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও ক্রীড়াবিদ মোঃ রুহুল আমিন। ক্ষমতার প্রতিযোগিতার চেয়ে মানুষের সেবাকেই তিনি নিজের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরছেন।

ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া গ্রামের কৃতী সন্তান রুহুল আমিন দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। একজন ক্রীড়াবিদ হিসেবে এলাকায় তার রয়েছে ব্যাপক পরিচিতি ও সুনাম। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণের কারণে ইতোমধ্যেই তিনি ইউনিয়নজুড়ে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি এর আগে ভদ্রঘাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতির কারণে রুহুল আমিন এখন ইউনিয়নের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মোঃ রুহুল আমিন বলেন, “আমি কোনো ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না। আমি চাই ভদ্রঘাট ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের একজন সেবক হিসেবে কাজ করতে। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জনগণ সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবো।”

এই বিভাগের আরও সংবাদ