কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে সামুদ্রিক মাছ শিকার, নজরদারি নেই প্রশাসনের


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন, মজুদ সংরক্ষণ ও টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময় সব ধরনের সামুদ্রিক মাছ ধরা, আহরণ, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হলেও পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা, আলিপুর ও মহিপুর এলাকায় প্রকাশ্যে চলছে মাছ শিকারের মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ছোট-বড় অসংখ্য ট্রলার সাগরে গিয়ে মাছ শিকার করছে। নিষিদ্ধ সময়েও জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণ করছে। পরে এসব মাছ স্থানীয় আড়ত ও বাজারে বিক্রিও হচ্ছে প্রকাশ্যে।
সরেজমিনে দেখা যায়, আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে ভোরবেলা ট্রলার থেকে মাছ নামানো হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর উদ্দেশ্য মা মাছ ও ডিম সংরক্ষণ করে ভবিষ্যৎ মৎস্য উৎপাদন বৃদ্ধি করা। তবে বাস্তবে নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় জেলেরা সহজেই সাগরে নামছে। অনেকেই বলছেন, ‘প্রশাসনের নাকের ডগায় এমন অবৈধ মাছ শিকার চললেও কার্যকর অভিযান দেখা যাচ্ছে না।’
একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘নিষেধাজ্ঞা থাকলেও অনেক ট্রলার গোপনে উপর মহলকে ম্যানেজ করে সাগরে যাচ্ছে। কিছু ট্রলার রাতে মাছ ধরে ভোরে ঘাটে আসে। প্রশাসনের অভিযান খুব কম।’
স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের অভিযোগ, ‘সরকার কোটি কোটি টাকা ব্যয় করে মৎস্যসম্পদ রক্ষার উদ্যোগ নিলেও মাঠপর্যায়ে দুর্বল নজরদারির কারণে তার সুফল মিলছে না।’
মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। এ সময়ে অবাধ মাছ শিকার চলতে থাকলে ভবিষ্যতে ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদনে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



