রাজধানীতে মুষলধারে বৃষ্টি


কয়েকদিনের ভ্যাপসা গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে মুষলধারে বৃষ্টি ঝরেছে। বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। এরপর সকাল গড়িয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া।
যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে নগরজীবনে। তবে অনেক জায়গায় জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে মানুষের।
সরকারি ছুটি থাকায় স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকায় সেদিক দিয়ে ভোগান্তি কম হলেও বেসরকারি অফিস খোলা থাকায় অনেককে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়। এদিকে ঈদে বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মানুষও বিপদে পড়েন।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি আজ দিনভর থেমে থেমে রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



