ঢাকা বিভাগ
ধামরাইয়ে গৃহবধূর মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন


ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের (২৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দাফনের পাঁচ মাস পর আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রবিবার (২৪ মে-২০২৬) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের রাঙ্গাপাড়া কবরস্থান থেকে পিবিআই মরদেহ উত্তোলন করে।
গত বছরের ২৮ নভেম্বর একটি টিনশেড বাসা থেকে রূপা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আদালতে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তভার পায় পিবিআই।
মরদেহ উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, মেডিকেল অফিসার ডা. আকিব হোসাইন ও পিবিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


