প্রযুক্তি ও ভাষা শিক্ষায় দক্ষ তরুণ গড়ার আহবান কেসিসি প্রশাসকের


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের তথ্য-প্রযুক্তি, কারিগরি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সীমিত কর্মসংস্থানের দেশে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।
১৩ মে সকালে নগরীর খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় অডিটরিয়ামে প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তি, নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন তিনি। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রশাসক বলেন, বিদেশে লেখাপড়ার জন্য ব্যাংক ঋণ ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে।
তিনি তরুণদের চায়না, জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশের ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে খুলনায় ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ড. মো: হাসানুজ্জামান, শেখ শরাফত আলী ও রাবেয়া ফাহিদ হাসনাহেনা।#



