রাজশাহীর দুর্গাপুর ডিগ্রী কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টায় দুর্গাপুর ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সিরাজুল করিম এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ (দুর্গাপুর পুঠিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী পঞ্চনন্দন সরকার, কলেজের অধ্যক্ষ মোঃ মকসেদ আলী, রাজশাহী জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল হক জুম্মা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, আশরাফুল কবির বুলু, এস এম আকবর হোসেন বাবলু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল ও বজলুর রহমান,উপজেলা আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক রতন, বিএনপি নেতা গোলাম মর্তুজা, শহিদুল ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দুর্গাপুর কলেজের রয়েছে গৌরবময় ইতিহাস ও অসংখ্য কৃতি শিক্ষার্থীর সাফল্যের স্মৃতি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এ কলেজের সাবেক শিক্ষার্থীরা দায়িত্ব পালন করে এলাকার জন্য সম্মান বয়ে আনছেন উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কলেজটি নানা সীমাবদ্ধতায় কিছুটা পিছিয়ে পড়েছে। কলেজের সমস্যা ও অবকাঠামোগত সংকটের কথা শুনে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে কলেজটি সরকারি করণের জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভেঙে যাওয়া ভবনের স্থানে নতুন ভবন নির্মাণ এবং সীমানা প্রাচীর নতুনভাবে তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করতে শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধেও তাদের সমৃদ্ধ হতে হবে। কৃতি শিক্ষার্থীদের এমন সম্মাননা অন্যদের মাঝেও ইতিবাচক প্রতিযোগিতা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তারা।
সভাপতির বক্তব্যে সিরাজুল করিম বলেন, বর্তমান গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টায় কলেজে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল উপস্থিতি মেশিন চালু করা হয়েছে। নির্ধারিত উপস্থিতি ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে বা ফরম পূরণ করতে পারবে না— এমন নিয়ম কার্যকর করায় শিক্ষার্থীরা এখন পড়াশোনায় আরও মনোযোগী হচ্ছে। তিনি বলেন, কলেজকে আরও এগিয়ে নিতে সরকারি করণ এখন সময়ের দাবি। এ বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।



