সিরাজগঞ্জ

কামারখন্দে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে) সকালে উপজেলার জামতৈল লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন।

অভিযানকালে জামতৈল গ্রামের মৃত রবির ছেলে মো. হালিম (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দকৃত গাঁজা বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি এলাকায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, নিজ মাকে মারধর এবং বাড়িঘরে ভাঙচুরের অভিযোগেও অভিযুক্ত ছিলেন। এসব অপরাধের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ড. বিপাশা হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা সেবনের অপরাধে আটক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।” তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ