রাজশাহী

দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দ-উৎসবের আবহ, যেখানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ক্রীড়ামোদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, জিয়াউল হক রতন,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বজলুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আজম, বিএনপি নেতা শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। তিনি বলেন, শিশুদের শৈশব থেকেই ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও উল্লেখ করেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে হবে। একটি সুন্দর, সুশীল ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক বিভাগে সিংগা প্রাথমিক বিদ্যালয় ও আড়ইল প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। বালিকা বিভাগে অংশগ্রহণ করে কুহাড় প্রাথমিক বিদ্যালয় ও কেয়াতোলা প্রাথমিক বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে বালক বিভাগে সিংগা প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে কুহাড় প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে আড়াইল প্রাথমিক বিদ্যালয় ও কেয়াতোলা প্রাথমিক বিদ্যালয় রানারআপ হয়। পরে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশুদের মেধা, মনন ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ