‘বাংলাদেশের নিউজিল্যান্ড’ খ্যাত শাহজাদপুরের গোচারণভূমি!
*শুরুতে ১৬ থেকে ১৭শ একর জায়গা থাকলেও বর্তমানে আছে প্রায় ১ হাজার একর


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দিগন্তবিস্তৃত সবুজ কাঁচা ঘাসের সমুদ্র। মাঝখান দিয়ে শিরা-উপশিরার মতো বয়ে চলা নদী-খাল-বিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা গবাদিপশুর পাল, জায়গায় জায়গায় খড়-বাঁশ-টিনের অস্থায়ী খামার। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাথানভূমির চিত্র এটি। শাহজাদপুরের বাথানভূমিটি এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় গোচারণভূমি হিসেবে বিবেচিত।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত, আর বাকি অংশ পাবনা ও নাটোর জেলার চলনবিল অংশে বিস্তৃত। আগে বাথান ভূমির আয়তন প্রায় ১৬’শ একর জুড়ে বিস্তৃত থাকলেও নানা কারণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩ একরে। ১৯৮৩ সালে রাষ্ট্রপতির আদেশবলে পুরো ১৬’শ থেকে ১৭’শ একর জায়গা উদ্ধার করে মিল্কভিটার মাধ্যমে সমবায়ী দুগ্ধ খামারীদের ইজারা দেয়ার ব্যবস্থা করা হয়। মিল্কভিটা কর্তৃপক্ষের সুপারিশ অনুসারে স্থানীয় ভূমি অফিস বিভিন্ন প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির অনুকূলে বাথান ভূমি ইজারা দিয়ে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাথান ভূমির প্রায় ৫’শ থেকে ৬’শ একর জায়গা ভূমিদস্যুরা জাল দলিল, ভুয়া পত্তনি, বেদখল, অবৈধ উপায়ে নেয়া ইজারাসহ গাঁয়ের জোরে দখল করে নিয়েছে।
নিচু এলাকার বাথানভূমিটি বছরের প্রায় ৫ মাসের বেশি সময় থাকে জলের তলায়। সে সময় খামারিরা পশুর পাল বাড়িতে বা উঁচু জায়গায় স্থানান্তরিত করে।
তারপর শীতের আগমনের সঙ্গে সঙ্গে সেখানে ফের শুরু হয় গবাদিপশুর কোলাহল। তৃণময় বাথানভূমির মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকে গবাদিপশুর পাল। ফ্রিজিয়ান, শাহিয়াল গরুগুলোর বাটভর্তি দুধ এবং বিস্তৃত এ চিরসবুজ বাথানভূমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের গোচারণভূমির ভূমির কথা মনে করিয়ে দেয়। তাই অনেকেই শাহজাদপুরের বাথানভূমিকে বলে থাকেন ‘বাংলাদেশের নিউজিল্যান্ড’।
বিগত এক পশুশুমারীর পরিসংখ্যানে প্রকাশ, শাহজাদপুর উপজেলায় গবাদীপশুর মোট সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭শ’ ৮৫ টি। এর মধ্যে দেশী জাতের গরু সংখ্যা ৮৪ হাজার ৩শ’ ৭৬ টি। সংকর জাতের গরুর সংখ্যা ১ লাখ ২০ হাজার ১শ’ ২০টি। বেসরকারী দুগ্ধ খামার ৩ হাজার ৬ শ’৫০ টি। রেজিষ্ট্রিকৃত খামারের সংখ্যা ২ হাজার ৫ শ’ ৮৮ টি।দেশী বকনা গরুর সংখ্যা ১৩ হাজার ৬ শ ৯২ টি, দেশী এঁড়ে বাছুরের সংখ্যা ২৮ হাজার ৩ শ’২০টি, বকনা বাছুরের সংখ্যা ১৯ হাজার ৫ শ’ ৩৬ টি। সংকর জাতের বকনার সংখ্যা ১৪ হাজার ২শ’টি, সংকর জাতের বকনা বাছুরের সংখ্যা ২৫ হাজার ৪ শ’ ৭৫ টি। এই বিপুল সংখ্যক গাভী থেকে বর্তমানে মিল্কভিটার বাঘাবাড়ী কারখানসহ অন্যান্য বেসরকারী দুগ্ধ প্রক্রিয়াজাত কারাখানায় প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলায় দুধ সরবরাহ করে খামারীরা।
স্থানীয় খামারীরা জানায়, শাহজাদপুর উপজেলায় সবচেয়ে বেশী দুধ উৎপাদিত হয় পোতাজিয়ার জনবিচ্ছিন্ন বিস্তৃর্ণ বাথানসহ আশপাশের ছোট বড় অসংখ্য বাথান ও গো-খামারে। বাণিজ্যিক ভিত্তিতে এসব এলাকায় সবচেয়ে বেশী দুধ উৎপন্ন হয়। প্রতিদিন সকাল বিকাল দু’বেলায় হাজার হাজার ক্যানে ভ্যান ও ট্রলিযোগে দুধ পৌঁছে দেয়া হয় বাঘাবাড়ীর মিল্কভিটা কারখানাসহ নানা দুধ সংগ্রহ প্রতিষ্ঠানে।





