শীর্ষ নিউজ

স্মারকলিপি দিতে চট্টগ্রামে সাদিক কায়েম, পুলিশেরও বিচার চাইলেন

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকেও যে পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসীদের বাধা দেয়নি’ তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার দুপুরে চট্টগ্রামের পুলিশ কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের সামনে এই দাবি তুলে ধরেন তিনি।

‘চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এই স্মারকলিপি দেয় ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেন, “আমরা তাদেরকে (পুলিশকে) স্পষ্টভাবে বলেছি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চাই। ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হকিস্টিক, চাপাতি অথবা দেশীয় অস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়ন করা, সেই ধরনের হামলার সাথে যারা জড়িত তাদেরকে যেন শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসা হয়।”

আগের দিন বিকালে চট্টগ্রাম শহরের সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্র শিবির গ্রাফিতি এঁকেছিল। তার নিচে লেখা ছিল, ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। তবে কে বা কারা ‘ছাত্র-রাজনীতি’ থেকে ‘ছাত্র’ শব্দটি কালো কালি দিয়ে মুছে ওপরে ‘গুপ্ত’ লিখে তীর চিহ্ন এঁকে দেয়।

এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের বাগযুদ্ধের পর মঙ্গলবার বিকালে দুই পক্ষ কলেজে সংঘর্ষে জড়ায়।

সে সময় শিবিরের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হন দাবি করে ডাকসুর ভিপি বলেন, “শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম এখন সংকটাপন্ন অবস্থায় আছে। চাপাতি দিয়ে মেরে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন আমরা তাকে ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।

“আরো অনেকের মাথায় বুকে আঘাত করা হয়েছে। এই হামলার সাথে যারা জড়িত আমরা সকল ফুটেজগুলো সংগ্রহ করেছি। এসকল ফুটেজ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।”

তিনি বলেন, “উনাদের (পুলিশ কর্মকর্তা) কাছে জিজ্ঞেস করেছি, গতকালকে আমরা দেখতে পেয়েছি পুলিশের সামনেই এই ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে হকিস্টিক দিয়ে তারা শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল। ওই সময়ে পুলিশ কেন নীরব অবস্থায় ছিল?

“ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করত তখন আমরা দেখতে পেয়েছিলাম পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা নীরব থাকত। জুলাই বিপ্লবের পরে এই ধরনের হামলাকে কীভাবে পুলিশ বৈধতা দেয়?”

সাদিক কায়েম বলেন, “আমরা তাদেরকে বলেছি, যারা এধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের সদস্য যারা ওখানে উপস্থিত ছিল, হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে বাধা দেয় নাই, তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা কয়েকটা দফা তাদেরকে দিয়েছি।”

স্মারকলিপিতে দেওয়া শিবিরের দাবিগুলো হল–হামলার সঙ্গে জড়িত ‘সকল সন্ত্রাসীকে’ দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, দায়িত্বে অবহেলা ও নিস্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ।

সাদিক কায়েম বলেন, “তারা আমাদেরকে বলেছে, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা বলেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স। আমরা এখন দেখতে চাই তাদের কথা ও কাজের মধ্যে মিল আছে কিনা।

“এই জায়গায় যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমরা মনে করব রাষ্ট্র ওই ধরনের সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমাদের যারা আহত হয়েছে, যারা ভিকটিম তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবে। সেই মামলার প্রস্তুতি আমরা নিচ্ছি।”

তার কাছে এক সংবাদকর্মীর প্রশ্ন ছিল, “বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ৫ অগাস্টে পর থেকে যেখানে ‘গুপ্ত’ লেখা দেখেন সেখানেই আপনারা প্রতিবাদ করেন। আসলে ‘গুপ্ত’র সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা?”

জবাবে সাদিক কায়েম বলেন, “এটা হল তাদের একটা দেউলিয়াত্ব। জুলাইয়ের পরে সবাই চেয়েছিল একটা নতুন রাজনীতি। আমরা যদি ছাত্রদলের রাজনীতি দেখি, আল্টিমেটলি তারা নতুন কোনো বয়ান হাজির করতে পারে নাই। আগের ফ্যাসিবাদের যে রাজনীতি সেই রাজনীতিই আমরা তাদের দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যে নতুন রাজনীতি চায়, সে রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে নাই।

“এখন আদর্শিকভাবে তারা অমাদেরকে মোকাবেলা করতে না পেরে, বিভিন্ন ধরনের ট্যাগিং ফ্রেমিং করছে। এবং যে শব্দ দ্বারা ফ্রেমিং করা হচ্ছে, আল্টিমেটলি এটা দ্বারা সূত্রপাত হয় নাই।”

শিবিরের এই কেন্দ্রীয় নেতা বলেন, “নব্বইয়ের পর যেভাবে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা-মামলা, পেশীশক্তির রাজনীতি, সেই রাজনীতি এখন তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চায়।

“আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই ক্যাম্পাসগুলোতে কেউ যদি পেশীশক্তি, সন্ত্রাস কায়েম করতে চায়, আমরা তাদের রাজনীতি করতে দেব না। আমরা তাদের লাল কার্ড দেখাব।”

সাদিক কায়েম বলেন, “আমি আজকে এখানে শিবিরের প্রতিনিধি হিসেবে আসিনি। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে এসেছি। ডাকসুর ভিপি হিসেবে এসেছি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুষ্পষ্টভাবে।

“যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাকে নির্দেশ দিতে হবে। এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য। শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি, রামদা নিয়ে ঘুরবেন, হামলা করবেন তারপর দায়মুক্তি পেয়ে যাবেন এটা হবে না।”

ছাত্রলীগ এ ধরনের সন্ত্রাস করেছিল মন্তব্য করে সাদিক কায়েম বলেন, “হেলমেট পড়ে চাপাতি নিয়ে হামলা করেছিল। কিন্তু তারা রেহাই পায়নি। ১৭ জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালাইছে। এ ধরনের রাজনীতি যারা করতে চাইবেন, আপনারা নিজের পায়ে নিজেরা কুড়াল মারছেন।”

এরআগে বুধবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখতে যান সাদিক কায়েম।

এই বিভাগের আরও সংবাদ