দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ


পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ওই দুই কিশোর হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি এলাকায় বেড়াতে আসেন ওই দুই কিশোর। পরে বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর। একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফকে অবগত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। তবে দুই কিশোরকে ফেরাতে বিকেলে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ‘স্থানীয় মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেব।’



