উপনির্বাচন বাতিলের দাবিতে জামায়াতের বিক্ষোভ


বগুড়া ও শেরপুরে স্থগিত হওয়া দুইটি আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, কেন্দ্র দখল ও হামলার অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং পুনঃনির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বিরোধীদলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার বগুড়া ও শেরপুরে অনুষ্ঠিত উপনির্বাচনে “নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটে সিল মারা এবং জাল ভোট দেওয়া হয়েছে।” এ সময় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের দিন দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন অনিয়মের বিষয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। জাতীয় সংসদেও এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত হামলা ও ভোট কারচুপির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি আরও বলেন, সরকারি দলের পক্ষ থেকে নির্বাচনকে ‘নিরপেক্ষ’ বলা হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভিন্ন চিত্র দেখা গেছে। “ভোটার নয়—এমন লোকজন কেন্দ্রে ঢুকে ভোট দিচ্ছে, সাংবাদিকদের প্রশ্নের মুখে পালিয়ে যাচ্ছে—এমন দৃশ্য প্রকাশ পেয়েছে,” দাবি করেন তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, এত অভিযোগ ও প্রমাণ থাকা সত্ত্বেও নির্বাচনকে শান্তিপূর্ণ বলা দুঃখজনক।
সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না উল্লেখ করে তিনি বলেন, গতকালের নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না।
তিনি অবিলম্বে বগুড়া ও শেরপুরের দুই আসনের নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান। এ সময় হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিও জানান তিনি।
সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট এবং সংবিধান সংস্কার ইস্যুতেও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে সরকার তা বাতিলের উদ্যোগ নিচ্ছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।
তিনি বলেন, গণভোটে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। অথচ এখন তা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রতারণার শামিল। সরকারকে গণভোটের ফলাফল বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন। এছাড়াও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।



