রাজনীতি

ঢাকাসহ পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ৫টি সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আবদুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মোবাশ্বের আলীকে মনোনীত করা হয়েছে। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিম্নোক্ত পাঁচ দফা দাবি ঘোষণা করেন।

দাবিগুলো হলো- আগামী ৬ মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না। প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ