সিরাজগঞ্জ

কামারখন্দে কুখ্যাত ডাকাত সর্দার ‘কেতু’ গ্রেপ্তার

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা এলাকায় কুখ্যাত আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার মোঃ রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৮) গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম কেতু, কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে আটক করে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। চিকিৎসা শেষে রবিবার (১ মার্চ) তাকে ছাড়পত্র দেওয়া হয়।

পরবর্তীতে তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে কামারখন্দ থানার মামলা নম্বর ২ (তারিখ: ০১/০২/২০২৫ ইং), পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া কামারখন্দ থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। সিরাজগঞ্জের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কামারখন্দ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ