প্রভাষক মো. আবুল কালাম আজাদ’র এমফিল ডিগ্রি’র ডিফেন্স সম্পন্ন


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.ফিল. গবেষক মো. আবুল কালাম আজাদ-এর ডিফেন্স অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ডিফেন্সে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. ভীষ্মদেব চৌধুরী, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. চঞ্চল কুমার বোস।
গবেষকের গবেষণার শিরোনাম ছিলো “সৈয়দ শামসুল হকের কথাসাহিত্যে মুক্তিযুদ্ধ : নিম্নবর্গের স্বপ্ন ও সংগ্রাম।” গবেষক আবুল কালাম আজাদ উল্লাপাড়া উপজেলার ২নং বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের কৃতী সন্তান। তিনি মো. ফয়জাল হোসেন সরকার ও মোছা. কোহিনুর খাতুনের জ্যেষ্ঠপুত্র। ধরইল উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী জনাব মো. আবুল কালাম আজাদ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’য় বাংলা বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন। এর আগে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে রায়গঞ্জ থেকেও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হন।
শিক্ষাজীবনে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জনাব মো. আবুল কালাম আজাদ ২০০৫ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ২০০৯ সালে স্নাতক এবং ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা থেকে বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে মো. আবুল কালাম আজাদ ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ক্যাম্বিয়ান কলেজ, বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সেনানিবাস প্রভৃতি স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন।
উল্লেখ্য, মো. আবুল কালাম আজাদ অনন্ত পৃথ্বীরাজ ছদ্মনামে লেখালেখি করেন। তিনি প্রায় দুই দশক ধরে বিভিন্ন জার্নাল, পত্র-পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে লেখালেখি করছেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ চারটি।



