জাতীয়

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মাছ ধরে ফেরার পথে নাফ নদী শাহপরীরদ্বীপ সংলগ্ন তাদের আটক করে ধরে নিয়ে যায়।

‎আটক জেলেরা হলেন উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

‎স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘ভোরে জেলেরা নাফ নদে মাছ ধরতে যান। দুপুরে ফিরে আসার পথে হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

আটক জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে। আমরা খুব গরিব। সে মাছ ধরে যা আয় করে তাই দিয়ে সংসার চলে। তাকে না পেলে আমরা বাঁচব কিভাবে?’

নৌকার মালিক আব্দুস শুক্কুর বলেন, ‘নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দ্রুত তাদের ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

‎এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাচাই শেষে জেলেদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের আটকের খবর পাওয়া গেছে। তাদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।’

এই বিভাগের আরও সংবাদ