সিরাজগঞ্জ

শাহজাদপুরে কাপড়ের হাটে দেশের ক্রেতাদের সঙ্গে পাল্লা দিয়ে আসেন ভারতীয় ব্যবসায়ীরাও

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উত্তরবঙ্গের সর্বোবৃহৎ কাপড়ের হাট সিরাজগঞ্জের শাহজাদপুর। মোঘল আমলে শুরু হওয়া তাঁতে কাপড় বুনন প্রসারিত হতে হতে শিল্প হিসেবে দাঁড়িয়ে যায়। এই শিল্প সবচেয়ে বেশি প্রসার লাভ করে বৃহত্তর পাবনা জেলায় এবং এই শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করে শাহজাদপুর।

বাংলাদেশের মানচিত্রে সিরাজগঞ্জের শাহজাদপুর একটি অনন্য নাম। কেবল ভৌগোলিক অবস্থানের কারণে নয়, বরং স্বকীয় ব্যবসায়িক ঐতিহ্যের কারণে এই উপজেলা আজ জাতীয় অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। এখানকার মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তাঁত শিল্প। শাড়ি, লুঙ্গি আর গামছার বুননে শাহজাদপুর আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যে, এখানকার মানুষের মাথাপিছু আয় জাতীয় গড় আয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। আর এই অভাবনীয় সাফল্যের কেন্দ্রে রয়েছে শাহজাদপুরের সুবিশাল ও ঐতিহ্যবাহী কাপড়ের হাট।

শাহজাদপুরের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁতপল্লীতে দিনরাত চলে কাপড় বোনার কাজ। সেই বিপুল উৎপাদনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই প্রকাণ্ড কাপড়ের হাট।

একসময় সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সাধারণ হাট বসলেও, বর্তমানে কাপড়ের বিপুল চাহিদার কারণে রবি ও বুধবার বসে বিশেষায়িত কাপড়ের হাট। এই দুই দিন এখানে অন্য কিছু নয়, কেবল কাপড়েরই মহোৎসব চলে। রঙবেরঙের শাড়ি, আরামদায়ক লুঙ্গি আর টেকসই গামছার যে বিশাল সমারোহ এখানে ঘটে, তা চাক্ষুষ না করলে বিশ্বাস করা কঠিন।

প্রতিটি হাটে এখানে কয়েক কোটি টাকার লেনদেন হয়। এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা দিতে উপজেলা সদরেই গড়ে উঠেছে বিভিন্ন ব্যাংকের ১৬টি শাখা। দেশের প্রায় প্রতিটি অঞ্চল থেকে পাইকার ও ব্যাপারিদের পদচারণায় মুখরিত থাকে পুরো এলাকা। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সচেতনতায় এখানে ব্যবসায়ীরা নিজেদের অত্যন্ত নিরাপদ বোধ করেন।

কোটি কোটি টাকার লেনদেন হলেও চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের কোনো আতঙ্ক নেই—যা বর্তমান সময়ে দেশের অন্যান্য বাণিজ্য কেন্দ্রের জন্য একটি বড় উদাহরণ হতে পারে।

শাহজাদপুরের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা যেন এই হাটকে কেন্দ্র করেই আবর্তিত হয়। হাটকে সচল রাখতে স্থানীয়রা কতটা অঙ্গীকারবদ্ধ, তার প্রমাণ মেলে রাজনৈতিক অস্থিরতার সময়েও। সারাদেশে হরতাল-ধর্মঘট থাকলেও শাহজাদপুরের কাপড়ের হাট থাকে সচল ও স্বগৌরবে দীপ্যমান। এমনকি পারিবারিক বা রাজনৈতিক অনুষ্ঠানগুলোও সাজানো হয় হাটের দিন বর্জন করে। শাহজাদপুরবাসীর ধমনিতে রক্ত প্রবাহের মতোই অনিবার্য এই হাট।

শাহজাদপুরের গৌরবের পালকে নতুন মাত্রা যোগ করেছে রপ্তানি খাত। একসময় আমরা কাপড়ের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকলেও, এখন শাহজাদপুরের উন্নত মানের কাপড় যাচ্ছে সীমান্তের ওপারে।

বলা হয়ে থাকে, এই হাটে আমদানি হওয়া কাপড়ের প্রায় ৬০ শতাংশই কিনে নিয়ে যান ভারতীয় ব্যবসায়ীরা। এটি আমাদের দেশীয় তাঁত শিল্পের গুণগত মানের এক বড় স্বীকৃতি।

ব্যবসায়িক গুরুত্বের পাশাপাশি শাহজাদপুরের কাপড়ের হাট এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই বিশাল কর্মযজ্ঞ দেখতে ভিড় জমান। পরিকল্পিত উদ্যোগ নিলে এই হাটকে কেন্দ্র করে শাহজাদপুরে একটি সমৃদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।

শাহজাদপুরের এই মডেল প্রমাণ করে, স্থানীয় উদ্যোক্তা, সুষ্ঠু বিপণন ব্যবস্থা এবং নিরাপত্তার সমন্বয় ঘটলে একটি অঞ্চল কীভাবে জাতীয় অর্থনীতিতে নেতৃত্বের ভূমিকা পালন করতে পারে। এই ঐতিহ্যকে ধরে রাখা এবং তাঁত শিল্পীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানো এখন সময়ের দাবি।

এই বিভাগের আরও সংবাদ