কামারখন্দে আচরণবিধি ভঙ্গ, বিএনপি নেতাকে জরিমানা


ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা প্রাপ্ত ব্যক্তি আব্দুল মমিন, যিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও আব্দুল মমিন কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট নেতা তা অমান্য করে প্রচারণা চালাচ্ছিলেন।
তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭(গ) অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।



