দিনাজপুর

বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না,সহিংসতার রাজনীতিও করে না: জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর- ৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সহিংসতার রাজনীতিও করে না। বিএনপি কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি কিংবা দখলদারত্বকে প্রশ্রয় দেয় না।

তিনি আরও বলেন, “আজ কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছেন—ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড নাকি দলীয় লোকদের দেওয়া হবে। আমি স্পষ্ট করে বলতে চাই—আপনার পরিচয় শুধু একটাই, আপনি বাংলাদেশি এবং এই এলাকার মানুষ। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাই বিএনপির সেবা পাবেন। কারণ বিএনপি জনগণের দল, দলবাজিতে বিশ্বাস করে না।”

এই বিভাগের আরও সংবাদ

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের আজাদ মোড়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “যারা আজ আদিবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছে কিংবা ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, তাদের বলতে চাই—আমরা শুধু নির্বাচনের স্বার্থে এখন চুপ করে আছি। কেউ যেন ভাববেন না আদিবাসীরা অসহায় বা নিঃস্ব। তাদের পেছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধর্মীয় কাজে কেউ বাধা দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইতিহাস সৃষ্টি করবে। ইনশাআল্লাহ জনগণের রায়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে জনাব তারেক রহমান এ দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।”

জনসভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ