স্ত্রীর নিখোঁজের বেদনায় কলাপাড়ায় যুবকের আত্মহত্যা


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দাম্পত্য জীবনের টানাপোড়েন ও স্ত্রীর নিখোঁজের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম ওমর ফারুক ওরফে বায়জিদ (২১)। তিনি টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ইটাবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বায়জিদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল।
এক সপ্তাহ আগে হঠাৎ করে স্ত্রী নাহিদা আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় বায়জিদ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে তিনি চরম মানসিক চাপের মধ্যে পড়ে যান বলে দাবি পরিবারের।
শনিবার দুপুরে বাড়িতে শুধু বায়জিদ ও তার মা উপস্থিত ছিলেন। একপর্যায়ে মায়ের অগোচরে নিজ কক্ষে যান তিনি। পরে বিকেল সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, স্ত্রী পরকীয়ায় জড়িয়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে চরম অভিমানে বায়জিদ এই চরম সিদ্ধান্ত নিতে পারেন।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও পারিবারিক বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



