ঝিনাইদহ

মসজিদের কাজের ফাঁকে মাদক সেবন! ঝিনাইদহে ৩ শ্রমিকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার মোড়ে মাদক সেবনকালে তিন শ্রমিককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে পবহাটি দক্ষিণপাড়া জামে মসজিদের নির্মাণকাজে নিয়োজিত থাকা অবস্থায় ওই তিন শ্রমিক মাদক সেবন করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—ঝিনাইদহ পৌর এলাকার মুরারিদহ গ্রামের আবু কালামের ছেলে ইয়াসিন (২২), উদয়পুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে এনামুল (২৪) এবং শৈলকূপা উপজেলার ভাটই বৃত্তিপাড়ার কাশেমের ছেলে সোহাগ (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাস, এএসআই ফরহাদ হোসেনসহ মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ