শাহজাদপুরে হাতে তৈরি কাপড় এখন বিলুপ্তপ্রায়, বদলে গেছে কর্মপদ্ধতি!


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তাঁতশিল্প সমৃদ্ধ একটি উপজেলা। এ উপজেলার প্রায় ৭৫% মানুষ কোনো না কোনোভাবে তাঁতশিল্পের সাথে জড়িত। তবে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে কর্মপদ্ধতি, বদলে গেছে জীবনমান।
এ অঞ্চলের পুরুষ থেকে নারী, শিশু থেকে বৃদ্ধ সবাই তাঁতি পেশার সাথে সম্পৃক্ত এবং অধিকাংশ ব্যবসা তাঁতিদের তৈরি কাপড়ের ব্যবসার উপর নির্ভরশীল। তাঁতিদের কাপড় তৈরির সবচেয়ে বড় ঐতিহ্য ছিল কাঠের তৈরি তাঁতে হাতে বুনিয়ে কাপড় তৈরি করা। এক সময় কাপড় তৈরি করার জন্য প্রায় সবকিছুই হাতের ব্যবহার হতো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এগুলো এখন বিলুপ্তপ্রায়।

বর্তমান সময়ে বিদ্যুৎ চালিত তাঁতশিল্প সহজ এবং উন্নতমানের হওয়ায় তাঁতিদের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠছে। বিদ্যুৎ চালিত পাওয়ার লুমে উন্নতমানের কাপড় লুঙ্গি-শাড়ি তৈরি হওয়ার দেশ ও বিদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। তবে বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি মেশিনের কারনে অনেকে হারিয়েছে কর্মসংস্থান। আগেকার সময়ে একটি কাঠের তৈরি তাঁতে একজন শ্রমিক কাজ করতো আর বর্তমান সময়ে বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি পাওয়ারলুম নামক মেশিনে একজন শ্রমিক দুইটি মেশিনে কাপড় তৈরি করে থাকে। এছাড়াও বৈদ্যুতিক পাওয়ার লুমে বর্তমান কাপড় তৈরির প্রায় সবকিছুই বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে করা হয়ে থাকে। এতে নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়লেও লাভবান হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি পাওয়ারলুম নামক মেশিন তৈরিকৃত কাপড় ব্যবসায়ীরা।
এ ব্যাপারে উপজেলার জামিরতা গ্রামের তাঁত শ্রমিকরা বলেন, আগের তুলনায় এখন ইনকাম বেশি হচ্ছে। কারণ তারা দুইটি মেশিনে কাপড় তৈরি করছে একজন শ্রমিক। তবে বাজার সকল কিছুর মূল্যের তুলনায় তাদের মজুরি কম বলে জানান তাঁত শ্রমিকরা।তাই কাপড় তৈরির মজুরি বৃদ্ধির দাবি তাঁত শ্রমিকদের।
এ ব্যাপারে উপজেলার বিভিন্ন গ্রামের কাপড় ব্যবসায়ীরা জানান, আগের তুলনায় এখন কাপড় উৎপাদনে খরচ বেরেছে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে তারা লাভবান হতে পারছেন না বলে জানান। তারা বলেন আগেকার দিনের কাঠের তৈরি তাঁতে উন্নতমানের কাপড় তৈরি সম্ভব না। এর জন্য খরচ বেশি হলেও কিছু করার নেই।





