সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না: জোনায়েদ সাকি


গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ঢাকা শহরের চালিকাশক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এখানকার মানুষ। অথচ এই সরকার বা রাষ্ট্র তাদের জন্য ন্যূনতম কোনো দায়দায়িত্ব নিচ্ছে না। নাগরিক হিসেবে তাদের যে অধিকার ও মর্যাদা, তার কোনো তোয়াক্কা সরকার করছে না।
আজ সোমবার ১ ডিসেম্বর ২০২৫ দুপুরে কড়াইল বস্তির রাহাত আলী শাহ (র) খানকাহ প্রাঙ্গনের পাশে স্থাপিত গণসংহতি আন্দোলনের রিলিফ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, এটি একটি দুর্যোগ। সরকারের বিভিন্ন সংস্থার উচিত ছিল দ্রুত এখানকার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা এবং খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর জন্য অবিলম্বে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা। তাদের প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সরবরাহ করা সরকারের দায়িত্ব। আমরা সরকারকে ট্যাক্স দেই এই কারণেই যে, জনগণ যখন বিপদে পড়বে তখন সরকার এগিয়ে আসবে। কিন্তু আমরা সরকারের সেই উদ্যোগ বা নাগরিকের মর্যাদা রক্ষার কোনো ব্যবস্থা এখনো দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, অবিলম্বে কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার, থাকার জায়গা, শীতবস্ত্র, চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকে করতে হবে। একইসাথে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদানসহ দ্রুততম সময়ে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তিনি বলেন, যতদিন না কড়াইল বস্তির বাসিন্দারা আবার কর্মক্ষেত্রে ফিরতে পারেন এবং নিজেদের বাসস্থান গুছিয়ে নিতে পারেন, ততদিন পর্যন্ত তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। এটি দুর্যোগকালীন সময়ের অত্যাবশ্যকীয় কাজ।
তিনি আরও বলেন, ঢাকা শহর এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে ধনী ও দরিদ্রের বৈষম্য অত্যন্ত প্রকট ও নগ্ন। নীতিনির্ধারকরা মনে করেন ঢাকা শহর শুধু ধনীদের জন্য, অথচ শ্রমজীবী মানুষের শ্রম ছাড়া এই শহর অচল। তাদের এই গণবিরোধী চিন্তা থেকেই বস্তিবাসীদের আবাসন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকে। কড়াইল বস্তিতে এত বড় দুর্ঘটনার পরেও জাতীয় পর্যায়ে বা গণমাধ্যমে যে ধরনের আলোচনা ও সমাধানের উদ্যোগ দেখা যাওয়ার কথা ছিল, তা দেখা যাচ্ছে না। ঢাকা শহরের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যাদের শ্রমে শহর চলে- তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে।
জোনায়েদ সাকি বলেন, আগুন লাগার কারণ হিসেবে সিলিন্ডার বিস্ফোরণ বা শর্ট সার্কিটের কথা বলা হয়। এজন্য ইউটিলিটি সার্ভিস বা সেবামূলক ব্যবস্থাগুলো নিরাপদ হওয়া খুব জরুরি। অথচ আমরা দেখেছি, এখানে কয়েক মাস আগেই গ্যাসের পাইপলাইনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নানা অনিয়মের কারণে এখানে নিরাপদ গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হয়নি। সিলিন্ডার গ্যাস বা অরক্ষিত বিদ্যুৎ লাইনের কারণে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা মূলত সরকারের অব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার প্রতি অবহেলার ফল। অবিলম্বে এখানে নিরাপদ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে।
জোনায়েদ সাকি বলেন, এই অগ্নিকাণ্ডে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের তিল তিল করে জমানো সঞ্চয়, আসবাবপত্র, কাপড়চোপড় সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার দোকানপাটগুলো ভস্মীভূত হয়েছে, যাতে মানুষ লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে এবং সর্বস্বান্ত হয়েছে। অনেকের ন্যাশনাল আইডি কার্ড পুড়ে গেছে। নির্বাচন কমিশন ও সরকারকে দ্রুততার সাথে এই পুড়ে যাওয়া আইডি কার্ডগুলো পুনরায় ইস্যু করার বিশেষ উদ্যোগ নিতে হবে। এছাড়া যাদের ঘর ও দোকান পুড়েছে, তারা যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন, তার জন্য সরকারিভাবে বিশেষ বরাদ্দ ও সহযোগিতা দিতে হবে।
তিনি বলেন, কড়াইল বস্তিতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা না থাকলে সরকারের থাকার যৌক্তিকতা কী? শুধু বড় বড় দালান থাকলেই শহর উন্নত হয় না। এখানকার ছাত্র-তরুণদের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে। গণসংহতি আন্দোলন সর্বদা মেহনতি মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদার লড়াইয়ে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে আছি, কিন্তু আমাদের একার পক্ষে সব করা সম্ভব নয়। রাষ্ট্র ও সরকারকে তাদের দায়িত্ব পালন করতে হবে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা; জিএসএর কড়াইল রিলিফ ক্যাম্পের সংগঠক শাহীদা আক্তার, মোহাম্মদ মোতালেব, আবুল কালাম, আবদুর রহিম; জিএসএর কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুইয়া, আলিফ দেওয়ান, মনিরুল হুদা বাবন, আমজাদ হোসেন, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, তাহসিন মাহমুদ, আবু রায়হান খান; বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের নেতা ইয়াসিন খানসহ জিএসএর নেতাকর্মীবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেন জোনায়েদ সাকিসহ জিএসএর নেতাকর্মীবৃন্দ। জিএসএর তত্ত্বাবধানে রিলিফ ক্যাম্প স্থাপনের পর থেকেই দলের স্থানীয় সংগঠক ও বাসিন্দাদের নিয়ে তালিকা তৈরি ও ত্রাণ সরবরাহের কাজ চলমান রয়েছে কড়াইলে।





