আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত


ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী তেতৈয়া-ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের তেতৈয়া মাঠে আজ অনুষ্ঠিত হয়েছে “আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য মেগা ফাইনাল খেলা।
প্রায় লক্ষাধিক দর্শকের উৎসবমুখর উপস্থিতিতে অনুষ্ঠিত এ গ্র্যান্ড ফাইনাল খেলাটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করে। খেলার মাঠে উপচে পড়া দর্শক, ঢাক-ঢোল, ব্যানার-পোস্টারে পুরো এলাকা উৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের পিপি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকলিল আজম, এবং পৌর বিএনপির সহ-সভাপতি বশির উদ্দিন প্রমুখ।
খেলাটিতে বাংলাদেশের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। দুই দলের মধ্যকার লড়াই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময় শেষে খেলাটির নিষ্পত্তি হয় নিয়ম অনুযায়ী । বিজয়ী দল ও রানার্সআপ—দুই দলকেই পুরস্কার হিসেবে প্রদান করা হয় মোটরসাইকেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত প্রয়োজন। আমি সবসময় যুব সমাজের পাশে আছি এবং থাকব।”
তিনি আরও বলেন, “কসবা-আখাউড়ার প্রতিটি গ্রামে ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করা আমার অঙ্গীকার। একটি সুস্থ, শিক্ষিত ও সচেতন প্রজন্মই হতে পারে সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।”
খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দর্শক ওঅংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ, উচ্ছ্বাস ও আনন্দের বন্যা।
এই টুর্নামেন্টের মাধ্যমে কসবা ও আখাউড়া অঞ্চলের ক্রীড়াপ্রেমী জনগণের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও দর্শকরা। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





