দিনাজপুর

বীরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপজেলায় মোট ৯৯,২৪৫ জন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ পৌরসভার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিলয় দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলার টিসিভি ভ্যাকসিন প্রদানের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৯,২৪৫ জন, ইতোমধ্যে অনলাইনে ৩৮,৩৭৩ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। উদ্বোধনী দিনে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন ছাড়াও পৌরসভার ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুল, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, এবং সুজালপুর, নিজপাড়া, সাতোর, শতগ্রাম, মোহনপুর ও পাল্টাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার শিশুদের সুরক্ষার লক্ষ্যে সারাদেশে এই ক্যাম্পেইন হাতে নিয়েছে। আমাদের লক্ষ্য ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা। বীরগঞ্জ উপজেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি।

অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, বিদ্যালয় পরিদর্শনের সময় দেখা গেছে টিকা নিতে আসা ছোট ছোট শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছে। স্বাস্থ্যকর্মীরা যেমন যত্ন নিচ্ছেন, তেমনি শিক্ষকরা শিশুদের পাশে থেকে সাহস জোগাচ্ছেন। এমন সহযোগিতামূলক পরিবেশ সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন,শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের সঙ্গে সবাইকে সস্পৃক্ত হতে হবে।

এই বিভাগের আরও সংবাদ