পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি


পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের সদ্য বদলি হওয়া উপ-পরিচালক মোকছেদুল কবীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই দপ্তরে কর্মরত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী এ সংক্রান্ত একটি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণ করেছেন। অভিযোগ উঠেছে যে, ওই কর্মকর্তার বিরুদ্ধে সুনিদৃষ্ট দুর্নীতি অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও কোন তদন্ত হয়নি, উল্টো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তার পছন্দের জায়গা নওগাঁ জেলায় ‘প্রাইস পোস্টিং’ দিয়েছে। এতে প্রশিক্ষণপ্রার্থীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে ওই কর্মকর্তা পঞ্চগড়ের যোগদানের পর থেকে দীর্ঘ ৪ বছর ধরে যুব উন্নয়নের নিজস্ব অতিথি ভবনে (গেস্ট হাউসে) বসবাস করেছেন। এই সময় তিনি সরকারি তহবিল থেকে যথারীতি বাসাভাড়া গ্রহণ করেছেন, কিন্তু তিনি এ বাবদ কোন ভাড়া পরিশোধ করেননি। ফলে অতিথি ভবনের মোটা অংকের এসি, বিদ্যুৎ ও পানির বিল, সরকারের গচ্চা গেছে।
এদিকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পে কর্মরত সুমন চন্দ্র রায় অভিযোগ করেন যে, ওই প্রকল্পের কর্মরত তিনি সহ অপর ৫ জন কর্মচারীর প্রত্যেকের জ্বালানি তেলের বিল ও টিএ বিল প্রদানে উপ-পরিচালক বাধ্যতামূলকভাবে শতকরা ২২ ভাগ টাকা আদায় করতেন। একই সঙ্গে যানবাহন পরিচালনা প্রকল্পের অধীনে স্থানীয় বেকার যুবকদের ড্রাইভিং শেখানোর শেষে লাইসেন্স বাবদ সরকারিভাবে ৭ হাজার টাকা বরাদ্দ ছিল। এখানে কাগজে-কলমে প্রায় পাঁচ শতাধিক যুবক অংশ নিয়েছে। প্রশিক্ষণ শেষে যাদের প্রত্যেকের লাইসেন্স পাওয়ার কথা, অথচ এর সিংহভাগ প্রশিক্ষনার্থী ড্রাইভিং লাইসেন্স পাননি। তা সত্ত্বেও এর অনুকূলে বরাদ্দকৃত পুরো টাকায় উত্তোলন করা হয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, যুব উন্নয়ন অধিদপ্তরের ১টি জিপ, ১টি পিক আপ ও ২টি অন্যান্য গাড়ির জ্বালানি বাবদ প্রতিমাসে বিপুল পরিমাণ টাকা বিল উত্তোলন করা হয়। অথচ ১টি মাত্র গাড়ি ব্যবহার করা হতো। এছাড়া, ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় আসবাপত্র না কিনে পুরনো কয়েকটি চেয়ার মেরামত করেই বরাদ্দকৃত অর্থ উত্তোলন করা হয়েছে।
অভিযোগে আরও জানা যায়, এই উপ -পরিচালক যোগদানের পর থেকেই যুব উন্নয়নে গৃহীত সরকারি বিভিন্ন প্রকল্পের কাজকর্মে উদাসীন থাকায় জেলার ৫টি উপজেলার বেশ কয়েকটি যুব সংগঠনের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকার পরও দীর্ঘ সময় ঘোরাঘুরি করেও তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে সনদ দেওয়ার কথা থাকলেও গত ২০২৩ ২০২৪ ও ২০২৫ অর্থ বছরে কোন সনদ দেওয়া হয়নি।
এছাড়াও, উপ-পরিচালকের দপ্তরে অফিস সহকারীর কোন পথ না থাকলেও শুধুমাত্র তার নানা গোপন কাজকর্ম সম্পাদনের জন্য পরিমল চন্দ্র নামে একজনকে সার্বক্ষণিকভাবে রাখা হয়েছিল। এ ব্যাপারে বক্তব্য জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোকছেদুল কবীরের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট হিসেবে উল্লেখ করেন।





